পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনের আগে শুক্রবার দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দু'সপ্তাহের মধ্যে বিশকেকের পর এটি তাঁদের দ্বিতীয় সাক্ষাৎ। এ দিনের বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রের পাশাপাশি আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানান, যুদ্ধ নয়, কেবল আলোচনা এবং কূটনৈতিক পথেই সমস্যার সমাধান সম্ভব।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভারত সব রকম সাহায্য করতে প্রস্তুত বলেও তিনি রুশ প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছেন।

এ দিন পুতিনকে তামিল নীতিশাস্ত্রের গ্রন্থ 'তিরুকুড়াল'-এর ইংরেজি অনুবাদ উপহার দেন মোদী। পালটা প্রধানমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান পুতিন। বৈঠকে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলে চলতে থাকা সংঘর্ষ ও আন্তর্জাতিক বাণিজ্যে তার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দু'জনেই।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, অর্থনীতি, মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষত, রাশিয়ার দেওয়া প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান যৌথভাবে ভারতে তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বৈঠক শেষে বিশকেকের মতো দিল্লিতেও দুই রাষ্ট্রনেতাকে একসঙ্গে একই গাড়িতে সফর করতে দেখা যায়। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ও জ্বালানি চুক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই আবহে মোদী-পুতিনের এই দ্বিপাক্ষিক বৈঠক কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।