দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে পৃথক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিটের বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, মহাকাশ ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়েও কথা হয়েছে বলে জানায় বিদেশ মন্ত্রক।

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে আমেরিকার আপত্তির মধ্যেই জ্বালানি নিয়ে মোদী-পুতিনের আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পেজ়েশকিয়ানের সঙ্গে বৈঠকেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মোদী স্পষ্ট করেন, সংঘাতের বদলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায় ভারত।

ব্রিকস বিজ়নেস ফোরামেও নিরাপদ ও অবাধ সমুদ্রপথের পক্ষে সওয়াল করেন মোদী। এদিকে শনিবার দিল্লিতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতার উপস্থিতিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। আমেরিকার সঙ্গে টানাপড়েনের আবহে সম্মেলনের সিদ্ধান্ত ও কূটনৈতিক সমীকরণের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।