পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দীর্ঘ সাত বছর পর ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ তাঁর নয়াদিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে। ওই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং সমাজমাধ্যমে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
মোদীর সঙ্গে জিনপিংয়ের এই দ্বিপাক্ষিক বৈঠকের আগেই দু'দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বেজিং।
চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার কৌশলগত নির্দেশনায় ভারত ও চিন আগামী দিনে মিলেমিশে কাজ করবে। যে কোনও মতপার্থক্য যথাযথ ভাবে সামলে, দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য। একে অপরের সাফল্যে সহযোগী হয়ে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বার ভারতে এসেছিলেন জিনপিং। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দু'দেশের সেনাবাহিনীর সশস্ত্র সংঘাতের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে চরম অবনতি ঘটেছিল।
তবে ধীরে ধীরে সেই বরফ গলতে শুরু করেছে। চিনা রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, এর আগে কাজ়ান এবং তিয়ানজিনেও দুই নেতার বৈঠক হয়েছে। রবিবার পর্যন্ত চলা এই ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁদের সঙ্গে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়েছে। এখন আন্তর্জাতিক মহলের সমস্ত নজর শনিবার বিকেলের মোদী-জিনপিং বৈঠকের দিকে।