২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা স্টাফের প্রধান এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন।
আরও পড়ুন:
তিনি জানান, ব্রিটেনের হিসাব ইউক্রেনীয় বাহিনীর দেওয়া তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
নাইটনের দাবি, যুদ্ধক্ষেত্রে রাশিয়া বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি সাঁজোয়া যান, প্রায় ৩ হাজার আকাশ প্রতিরক্ষা ও কামান ব্যবস্থা এবং ৩৭০টির বেশি বিমান ও হেলিকপ্টার।
তবে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির কোনো হিসাব তিনি দেননি।আরও পড়ুন:
পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, রাশিয়ার বড় সামরিক শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। চলতি বছরে দেশটির অগ্রগতির গতিও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করা হচ্ছে। উভয় দেশই সাধারণত নিজেদের সেনাদের হতাহতের নিয়মিত পরিসংখ্যান প্রকাশ করে না।
আরও পড়ুন:
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কিয়েভের মহাসড়ক সংলগ্ন জ্বালানি পাম্পগুলোতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ইউক্রনাফটার দুটি পেট্রোল পাম্পে হামলায় দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।