পুবের কলম ওয়েব ডেস্ক: সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র খোদ নিজের দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন। তাঁর অভিযোগ, তিনি পড়াশোনা জানেন না বলে বসিরহাট সাংগঠনিক জেলার নেতারা তাঁকে প্রতিনিয়ত অপমান করেন এবং ভুল পথে চালিত করার চেষ্টা করেন। এই অসহযোগিতার কারণেই তিনি জেলার কোনও দলীয় অনুষ্ঠানে আর যান না বলে স্পষ্ট জানিয়েছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পরাজয়ের পর, ২০২৬ সালের বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন রেখা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেও, রাজ্য বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সমাজমাধ্যমে নিজেকে ভাসিয়ে না রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত নিজের বিধানসভার মানুষের সমস্যা সমাধানের কাজেই তিনি ব্যস্ত থাকেন বলে দাবি করেছেন। পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে এনেছেন রেখা এবং তাঁদের সিদ্ধান্তের উপরেই আস্থা রাখছেন।

যদিও বিধায়কের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য। তাঁর দাবি, বিধায়ক ও দলীয় কর্মী হিসাবে রেখাকে সব সময় প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে আগামী দিনে তাঁরা একসঙ্গেই লড়াই করবেন বলে জানিয়েছেন সুকল্যাণ।