পুবের কলম ওয়েবডেস্ক, ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর তাঁর ভারত সফর ঘিরে যখন কূটনৈতিক মহলে জোর আলোচনা, তখন নজর কেড়েছে শির সরকারি গাড়িও। দিল্লির রাস্তায় তাঁকে নিয়ে ছুটছে চিনের বিশেষ নিরাপত্তাবেষ্টিত সরকারি গাড়ি ‘হংছি এন৭০১’।

সাধারণ বাজারে বিক্রি হওয়া কোনও গাড়ি নয় এটি। চিনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি এই গাড়ি সরকারি কাজে ব্যবহৃত হয়।

প্রায় সাড়ে পাঁচ মিটার লম্বা গাড়িটিতে গুলিরোধী কাচ, বিশেষ নিরাপত্তাবেষ্টিত চাকা এবং শক্তিশালী বর্ম থাকার কথা জানা গেছে। ছোট বিস্ফোরণ মোকাবিলা এবং রাসায়নিক হামলার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থাও থাকার দাবি রয়েছে। তবে গাড়িটির প্রকৃত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চিনা সংস্থা হংছি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

গাড়িটির নকশাতেও রয়েছে আলাদা ছাপ। উঁচু সামনের জালিকা, মোটা স্তম্ভ, গাঢ় কাচ এবং গাড়ির গায়ে চিনের রাষ্ট্রীয় প্রতীক—সব মিলিয়ে এটি নিছক বিলাসবহুল গাড়ি নয়, বরং ক্ষমতা ও নিরাপত্তার প্রতীক হিসেবেই তৈরি।

হংছি ব্র্যান্ডের সঙ্গে চিনের রাষ্ট্রীয় নেতৃত্বের সম্পর্ক দীর্ঘদিনের। শি এর আগেও বিদেশ সফরে এই ধরনের গাড়ি ব্যবহার করেছেন। আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়ি ‘দ্য বিস্ট’-এর সঙ্গে হংছি এন৭০১-এর তুলনাও টানা হচ্ছে।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকও হওয়ার কথা। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।