পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালের গলওয়ান সংঘাতের পর ভারতের মাটিতে দুই রাষ্ট্রনেতার এটিই প্রথম সাক্ষাৎ। এদিনের আলোচনায় এশিয়ার দুই বৃহৎ শক্তি পারস্পরিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে।
বৈঠকে চিনা প্রেসিডেন্ট জানান, একে অপরের ক্ষমতা থেকে শিক্ষা নিয়ে ভারত ও চিনের একযোগে কাজ করা উচিত। বেজিং যে দিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক চাইছে, তা স্পষ্ট করেছেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে হলে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আবশ্যক। তিনি পারস্পরিক স্বার্থ, সম্মান এবং সংবেদনশীলতা—এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। উভয় নেতাই একমত হন যে, দুই দেশের মতপার্থক্য যেন কখনওই সংঘাতে পরিণত না হয়।
২০১৯ সালের পর এই প্রথম জিনপিংয়ের ভারত সফর। গলওয়ান কাণ্ডের পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে দীর্ঘস্থায়ী শৈত্য তৈরি হয়েছিল, তা ২০২৪ সালে রাশিয়ার কাজ়ানে এবং গত বছর চিনের তিয়ানজিনে দুই নেতার বৈঠকের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এদিনের বৈঠকের আগে ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতও দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন।