উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বড় মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগে বাড়ি ছাড়ার পর এবার ১৩ বছরের ছোট মেয়েকেও দিনের পর দিন যৌন নির্যাতন করার অভিযোগ উঠল বাবারবিরুদ্ধে। দিদি বাড়ি ছাড়ার পরই নাবালিকা মেয়েকে ‘টার্গেট’ করে অভিযুক্ত বাবা। মাসের পর মাস চলতে থাকে নির্যাতন। শেষ পর্যন্ত দিদির কাছে সব কথা জানায় নাবালিকা।এরপর পুলিশের দ্বারস্থ হন বড় মেয়ে। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ।
ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বারুইপুর এলাকায় থাকতেন অভিযুক্ত ব্যক্তি। তিনি পেশায় ফেরিওয়ালা।অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের বড় মেয়েকে যৌন হেনস্তা করেন তিনি। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যান বড় মেয়ে।অভিযোগ, বড় মেয়ে বাড়ি ছাড়ার পরই ছোট মেয়ের উপর যৌন নির্যাতন শুরু করেন অভিযুক্ত। ১৩ বছরের ওই নাবালিকার উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলেছে বলে অভিযোগ। প্রথমদিকে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে। পরে ফোনে দিদির সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা।এরপর দুই বোন মিলে তাঁদের মাকে বিষয়টি জানান। অভিযোগ, মা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত বড় মেয়েই পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। ১০০ ডায়ালে ফোন করে বাবার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বারুইপুর মহিলা থানার পুলিশ। তদন্তে নেমে কুলপি রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।একই পরিবারের দুই মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার বয়ান ও অভিযোগের ভিত্তিতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।