পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সকালে দিল্লিতে তাঁর বিমান অবতরণ করে। নিরাপত্তার কড়াকড়ির কারণে একই রকম দেখতে দু'টি বিমান একসঙ্গে দিল্লিতে পৌঁছয়। এর মধ্যে ঠিক কোনটিতে রুশ প্রেসিডেন্ট ছিলেন, তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে।
পুতিনের যাতায়াতের জন্য ব্যবহৃত এই বিশেষ বিমানটি 'উড়ন্ত ক্রেমলিন' বা 'ডুমসডে প্লেন' নামে পরিচিত। ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ মডেলের এই বিমানটির দৈর্ঘ্য ৫৫.৩৫ মিটার এবং ডানাসমেত প্রস্থ ৬০.১২ মিটার। চারটি শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এটি একটানা ১১ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে, ফলে দীর্ঘ সফরেও বারবার জ্বালানি ভরার প্রয়োজন হয় না। রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন এই বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
নিরাপত্তা ও প্রযুক্তির দিক থেকে এই বিমান এক কথায় দুর্ভেদ্য। আপৎকালীন পরিস্থিতিতে এটি একটি আস্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এতে রয়েছে রাডার জ্যামিং প্রযুক্তি, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগের সুবিধা। এর মাধ্যমে আকাশ থেকেই সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব। নিরাপত্তার পাশাপাশি বিমানের অন্দরমহল অত্যন্ত বিলাসবহুল। প্রেসিডেন্টের জন্য সেখানে বিশেষ সুইট, খাওয়ার ঘর, বৈঠকখানা, চামড়ায় মোড়া নরম গদি ও দামি কাঠের আসবাবপত্রের ব্যবস্থা রয়েছে।