পুবের কলম ওয়েব ডেস্ক: বাঙালির উৎসবের মরশুম মানেই টানা ছুটির আমেজ। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, কালীপুজো হয়ে ছটপুজো পর্যন্ত এই দীর্ঘ ছুটিতে অনেকেই বেড়াতে যেতে পছন্দ করেন। ভ্রমণপ্রিয় মানুষদের কথা মাথায় রেখেই আসন্ন উৎসবের মরশুমে একাধিক স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।
আরও পড়ুন:
মূলত পশ্চিমবঙ্গ থেকে বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে এই ট্রেনগুলি। হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পাটনা এবং শিয়ালদহ-সীতামারি রুটে সাত জোড়া করে বাড়তি ট্রেন চলবে। শিয়ালদহ-গোরক্ষপুর রুটে যাতায়াত করবে মোট ১৪টি স্পেশাল ট্রেন। এর পাশাপাশি কলকাতা-মধুবনী, আসানসোল-পাটনা এবং আসানসোল-গোরক্ষপুর রুটেও সাত জোড়া করে বিশেষ ট্রেন পাওয়া যাবে।
এছাড়া পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য দিঘার জন্যও মালদহ টাউন থেকে সাতটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ ও হাওড়া থেকে ছাড়া বেশির ভাগ ট্রেন বর্ধমান এবং বীরভূম হয়ে গন্তব্যে পৌঁছবে। ফলে ওই সব জেলার যাত্রীরাও নিজেদের সুবিধামতো এই ট্রেনে সফরের পরিকল্পনা করতে পারবেন। স্পেশাল ট্রেনগুলিতে সাধারণ বগির পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও থাকবে। তবে এই ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে পূর্ব রেল সূত্রে খবর।