উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :
ইঁদুরের উপদ্রব থেকে ধানের ফসল বাঁচাতে চাষের জমিতে বেআইনি ভাবে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ।আর সেই তারেইবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির।গুরুতর আহত হয়েছে তাঁদের নাবালক ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ঘটনায় বেআইনি ভাবে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আম্মাদ লস্কর ও তাছলিমা বিবি।

অভিযোগ, স্থানীয় বাসিন্দা সুকুমার সর্দার তাঁর ধানের জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বেআইনি ভাবে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিলেন। স্থানীয়দের অভিযোগ, বাড়ি থেকে প্রায় দেড় হাজার ফুট দূর থেকে হুকিং করে অবৈধ ভাবে ওই জমিতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। এমনকী, জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রাখার বিষয়টি পাশের জমির মালিক আম্মাদকে জানানো হয়নি বলে ও অভিযোগ।মঙ্গলবার সন্ধ্যায় আম্মাদের নাবালক ছেলে মাছ ধরার জাল পাতার জন্য ওই জমির উপর দিয়ে যাচ্ছিল। আচমকাই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয় সে।ছেলের চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে আসেন বাবা আম্মাদ।
তাঁকেও বিদ্যুতের তার স্পর্শ করতেই ঘটনাস্থলে তড়িদাহত হন তিনি। স্বামী ও সন্তানকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তাছলিমা বিবি।ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আম্মাদ ও তাছলিমার। গুরুতর আহত অবস্থায় নাবালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির দেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়।
ঘটনায় বেআইনি ভাবে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগে সুকুমার সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।মৃতের পরিবারের অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই বিপজ্জনক ভাবে চাষের জমিতে বিদ্যুতের তার পাতা হয়েছিলঅভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছেশোকের ছায়া। একই সঙ্গে ফের সামনে এসেছে চাষের জমিতে বেআইনি বিদ্যুৎ সংযোগ ও তার ব্যবহারের বিপজ্জনক দিক। বিদ্যুৎ দফতরের তরফে বারবার জমিতে এ ধরনের বিদ্যুতের তার না রাখার জন্য সতর্ক করা হলেও, ফসল রক্ষার নামে কোথাও কোথাও এখনও বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ ওঠে। বাসন্তীর এই ঘটনা সেই অসতর্কতার ভয়াবহ পরিণতিরই উদাহরণ হয়ে উঠল।