পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে এবং আগামী দিনে তা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনতে এবার দেশে ডেঙ্গির টিকা আনার চিন্তাভাবনা শুরু হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম সিঙ্গল-ডোজ ডেঙ্গি টিকা ‘ডেঙ্গিঅল’ আগামী বছর বাজারে আসতে চলেছে।
আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেকের উদ্যোগে তৈরি এই টিকাটি মূলত একটি টেট্রাভ্যালেন্ট প্রতিষেধক। অর্থাৎ, ডেঙ্গি ভাইরাসের চারটি প্রজাতিকেই (ডেনভি-১ থেকে ডেনভি-৪) নিষ্ক্রিয় করে এই টিকা তৈরি হয়েছে। ফলে এর একটি মাত্র ডোজ নিলে ডেঙ্গির যে কোনও ধরনের সংক্রমণের বিরুদ্ধেই শরীরে অ্যান্টিবডি ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। দেশের ২০টি গবেষণাকেন্দ্রে ১৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্কের উপর এক বছর ধরে এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলে। ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক হওয়ায় কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা ইতিমধ্যেই এটি প্রয়োগের অনুমোদন দিয়েছে।
সব ঠিক থাকলে ২০২৭ সালের শেষের দিকে এই টিকাটি সাধারণ মানুষের জন্য উপলব্ধ হবে। প্রাথমিক ভাবে জানানো হয়েছে, এক বছর থেকে শুরু করে ষাট বছর বয়সি যে কোনও ব্যক্তি এই টিকাটি নিতে পারবেন। তবে এই সিঙ্গল-ডোজ টিকার দাম কত হতে পারে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত তথ্য জানানো হয়নি।