পুবের কলম ওয়েব ডেস্ক: জমি দখল মামলায় বর্তমানে জেলবন্দি প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতিদমন আইনে অভিযোগ দায়ের হল গড়িয়াহাট থানায়। নিজের পদের অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকার আর্থিক সুবিধা ভোগের গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নগদে এবং উপহার হিসেবে বিপুল এই অর্থের লেনদেন হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শান্তনুর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগপত্রে দুর্নীতির বিস্তারিত হিসাব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে এক সংস্থার কাছ থেকে বেতন হিসেবে প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী ৭৪ লক্ষ ৩৬ হাজার টাকার বেশি নিয়েছেন।
পাশাপাশি, বেনামে ৮২ লক্ষ টাকা দামের দু’টি ফ্ল্যাট কেনা এবং পুত্রের কলেজের ফি মেটাতে প্রভাব খাটিয়ে ২০ লক্ষ ২৭ হাজার টাকা তোলার অভিযোগও রয়েছে শান্তনুর বিরুদ্ধে। এর বাইরে মুর্শিদাবাদের কান্দিতে বাড়ি মেরামতের নাম করে ৬১ লক্ষ টাকা এবং বিভিন্ন সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার অছিলায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। বেহালার এক ব্যবসায়ী জয় কামদারের কাছ থেকেও নগদ ও উপহার মিলিয়ে তিনি ১৩ লক্ষ টাকা নেন। এমনকী, স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই ব্যবসায়ীর থেকে আরও ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও দায়ের হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, জমি দখল মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়ে শান্তনু বর্তমানে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন।
গত জুলাই মাসে ওই মামলায় ইডি তাঁর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের চার্জশিট জমা দেয়। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যোগসাজশ করে তিনি জমি দখলের চক্র চালাতেন বলে ইডির দাবি। জমির প্রকৃত মালিকদের ভয় দেখাতে পুলিশের পদের অপব্যবহার করে মিথ্যা মামলা সাজানো হত। তদন্তকারীদের অনুমান, কলকাতার বিভিন্ন এলাকায় এভাবেই প্রায় ৫০ কোটি টাকার জমি দখল করা হয়েছে। সেই মামলা চলাকালীনই এবার শান্তনুর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে এই নতুন অভিযোগ দায়ের হল।