পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতায় ভোরবেলা থেকে একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযানের মধ্যেই বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু করে ইডি। আর্থিক অনিয়মের অভিযোগে তাঁকে আটক করা হয়। বাড়ির বাইরে এনে আধিকারিকরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যান জিজ্ঞাসাবাদের জন্য।

সূত্রের খবর, ভোরের অভিযানে শুধু বেহালাই নয়, শহরের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। ফার্ন রোডে এক ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটেও পৌঁছে যায় ইডির দল। অন্যদিকে বেহালায় জয় এস কামদারের বাড়িতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়তে হয় আধিকারিকদের। প্রায় ৪০ মিনিট বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। দরজা না খোলা এবং বাড়ির ভিতরে কুকুর ছাড়া থাকায় প্রবেশ করতে দেরি হয় বলে জানা গেছে।

পরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা।

বাড়িতে ঢোকার পর পরিবারের সদস্যদের মোবাইল ফোন সংগ্রহ করে নেওয়া হয়। সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ শুরু হওয়া তল্লাশি চলে দীর্ঘ সময় ধরে। এরপর বেলা প্রায় ১১টার সময় জয় এস কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের মতে, এই অভিযানের সূত্রপাত বালিগঞ্জের সোনা পাপ্পু নামে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে।

ওই ব্যক্তির সঙ্গে জয় এস কামদারের যোগাযোগ ছিল বলে সন্দেহ করছে ইডি। একাধিক বেআইনি আর্থিক লেনদেনের তথ্য মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। সেই সূত্র ধরেই এই অভিযান।  ইডি সূত্রে আরও জানা গেছে, এর আগেও দু’বার হাজিরার নোটিস পাঠানো হয়েছিল জয় এস কামদারকে। কিন্তু তিনি উপস্থিত হননি। তার পরেই এই তল্লাশি ও আটক করার পদক্ষেপ নেওয়া হয়।