পুবের কলম ওয়েব ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি তদন্তে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও রথীন রায়ের। তবে নির্ধারিত দিনে কেউই উপস্থিত হননি। দু'জনেই পৃথকভাবে চিঠি পাঠিয়ে আরও কিছুটা সময় চেয়েছেন বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

রথীন রায় তাঁর আবেদনে জানিয়েছেন,  সম্প্রতি শৌচাগারে পড়ে গিয়ে তাঁর পায়ে চোট লেগেছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেই কারণেই এই মুহূর্তে তদন্তকারীদের সামনে হাজির হওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন।অন্যদিকে সুজিত বসু জানিয়েছেন, ভোট-পরবর্তী অশান্তিতে তাঁর দলের একাধিক কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন। তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখা এবং পাশে থাকার কারণে তিনি অত্যন্ত ব্যস্ত।
তাই কিছুদিন পরে হাজিরার নতুন দিন নির্ধারণের আবেদন করেছেন তিনি।

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই দুই নেতাকে ভোটের আগেই তলব করা হয়েছিল। সুজিত বসুকে এর আগেও একাধিকবার ডাকা হয়েছিল এবং প্রতিবারই তিনি বিভিন্ন কারণে সময় প্রার্থনা করেন। এমনকি ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি।

পরে আদালতের নির্দেশে নির্দিষ্ট দিনে তদন্তকারী দফতরে হাজিরা দেন এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।সেই সময় দফতর থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তদন্তে তিনি সাক্ষী হিসেবেই সহযোগিতা করছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন,  বৈধ ব্যবসা করা কোনও অপরাধ নয়,  তবে আইনভঙ্গ করলে তার জবাবদিহি করতেই হবে।

রথীন রায়ও এর আগে এই মামলায় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রাম কেন্দ্র থেকে অল্প ব্যবধানে জয়ী হয়ে তিনি আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তদন্তকারী মহলের খবর,  দুই নেতার আবেদনের পর তাঁদের জন্য শীঘ্রই নতুন হাজিরার দিন জানানো হতে পারে।