পুবের কলম ওয়েবডেস্ক: বাংলায় ভোটের আবহের মধ্যেই ফের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে হানা দিল ইডি। বৃহস্পতিবার সকাল থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লি—এই তিন শহরে একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান চালানো হচ্ছে। বেঙ্গালুরুতে আইপ্যাকের এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় তল্লাশি চালায় ইডি। একই সময়ে হায়দরাবাদ ও দিল্লিতেও সংস্থার একাধিক দপ্তরে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
যদিও ঠিক কতগুলি স্থানে অভিযান হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।আরও পড়ুন:
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও অভিযান চালানো হয়। ওই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নথি নিয়ে আসেন এবং দাবি করেন, সেগুলি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নির্বাচনী কৌশল সংক্রান্ত কাগজপত্র।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, ওই নথি ‘ছিনতাইয়ের ষড়যন্ত্র’ করছে ইডি। অন্যদিকে কেন্দ্রের তরফে পালটা অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এই ঘটনাকে ঘিরে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও দায়ের হয়, যেখানে ইডির এক্তিয়ার নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুন:
এদিকে নতুন করে তিন শহরে তল্লাশি শুরু হওয়ায় ভোটের মুখে রাজ্য রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই অভিযান ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হতে পারে।