পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আর মাত্র দু’সপ্তাহ বাকি থাকতেই রাজ্যে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলায় শুক্রবার ভোর থেকে কলকাতা-সহ রাজ্যের একযোগে ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।
কয়েক বছর ধরেই এই মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি। এর আগে এই মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরবর্তীতে তাঁরা জামিনে মুক্তি পান।
শুক্রবার সকালে কলকাতার একাধিক এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়া-সহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালায় ইডির একাধিক দল। ব্যবসায়ীদের বাড়ি ও দফতরে হানা দিয়ে চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, সম্প্রতি এই মামলায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই সূত্র ধরেই এদিনের এই ব্যাপক তল্লাশি অভিযান বলে জানা গেছে।