পুবের কলম ওয়েব ডেস্কঃ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বের হলেন অভিনেত্রী নুসরত জাহান। মূলত ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে চলে ইডির জিজ্ঞাসাবাদ। ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ কিছু বলতে চাননি অভিনেত্রী।
আরও পড়ুন:
জিজ্ঞসাবাদ শেষে অভিনেত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আধিকারিকদের সঙ্গে তাঁর কি কথা হল?
তবে উত্তরে নুসরত জানান, "আপনারা ইডির কাছ থেকে খবর নিয়ে নিন।" উল্লেখ্য, প্রথমে জানা যায় রেশন দুর্নীতি মামলায় তলব করা হয় নুসরতকে। বছর খানেক আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল। সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। যদিও পরে জানা যায়, রেশন দুর্নীতি মামলায় নয় অভিনেত্রীকে ইডি তলব করেছে ফ্ল্যাট দুর্নীতি মামলায়। জানা যায়, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ ওঠে। ওই ফ্ল্যাটের নির্মাণ সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে ছিলেন নুসরত। সেই ঘটনার তদন্ত করছিল ইডি। সেই সুত্রেই অভিনেত্রীকে তলব করা হয়।আরও পড়ুন:
ইডির তলব পেয়েই আজ সকাল ৯ টা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিলেন অভিনেতা যশও। সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন তিনি।
যদিও কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে প্রথমে নুসরত আপত্তি জানিয়েছিলেন বলে জানা যায়। তিনি নাকি ওই সময়ে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে চেয়েছিলেন। তবে সেই আর্জিতে সাড়া দেয়নি ইডি। শেষমেশ তিনি হাজিরা দিলেন। উল্লেখ্য, নির্বাচনের আগে বিভিন্ন মামলায় রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে ইডি। তৃণমূলের একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।