পুবের কলম ওয়েব ডেস্ক: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করার পাকিস্তানি পদক্ষেপকে নেহাতই ‘লোক দেখানো চাল’ বলে উড়িয়ে দিল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের অন্তঃসারশূন্য প্রতারণা বলে কটাক্ষ করেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের কৌশল নতুন কিছু নয়; ফাঁকা আওয়াজ না করে ইসলামাবাদের উচিত উপযুক্ত পদক্ষেপ করা।


২৬/১১ মুম্বই হামলা ও ২০১৯ সালের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে নাশকতার মূলচক্রী মাসুদ আজহার ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’

। পাকিস্তান দাবি করে আসছিল জইশ প্রধান আফগানিস্তানে গা-ঢাকা দিয়ে রয়েছে, যদিও ভারতীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী সে পাকিস্তানের সিন্ধ প্রদেশের নবাবশাহ এলাকাতেই বহাল তবিয়তে রয়েছে। কূটনৈতিক মহলের মতে, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) মতো আন্তর্জাতিক মঞ্চের আর্থিক নিষেধাজ্ঞা এবং কালো তালিকাভুক্ত হওয়ার ভয়েই ২০২৬ সালের ‘রেড বুক’-এ আজহারকে রেখে পুরস্কারের অঙ্ক ২০ লক্ষ টাকা বাড়িয়েছে পাকিস্তান।