পুবের কলম ওয়েবডেস্ক, ইরান যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অস্ত্রভাণ্ডারে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক জেনারেলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত যুদ্ধে গোলাবারুদ বাবদই প্রায় ২২.৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। একই সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট যুদ্ধসংশ্লিষ্ট ব্যয় দাঁড়ায় আনুমানিক ৩৩.৪ বিলিয়ন ডলার।
এই মোট ব্যয়ের মধ্যে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং যুদ্ধের দৈনন্দিন কার্যক্রমে আরও ৭.৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি মেরামত ও পুনর্নির্মাণের খরচ এতে ধরা হয়নি। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশে মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে ৩০টি পর্যন্ত এমকিউ-৯ রিপার ড্রোন এবং সাতটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল অস্ত্র ব্যবহারে নতুন গোলাবারুদ উৎপাদন ও দ্রুত সরবরাহের সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


এরই মধ্যে জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানান, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।