সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন বিরল মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম-সমৃদ্ধ আকরিকের সন্ধান মিলেছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ অধিবেশনে এই আবিষ্কারের কথা জানান সৌদির জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুলআজিজ বিন সালমান।

মদিনার জাবাল সাইদ প্রকল্পে ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের সময় এই বিশাল খনিজ ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। আকরিকগুলিতে ভারী বিরল মৃত্তিকা উপাদানের পাশাপাশি উল্লেখযোগ্য মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে খনিজ সম্পদকে তেলনির্ভর অর্থনীতির বিকল্প গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। একই সঙ্গে জাতীয় জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক শক্তি যুক্ত করতে ইউরেনিয়াম অনুসন্ধানও জোরদার করেছে দেশটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা ও খনিজ সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার বিষয়ে চুক্তির পর এই আবিষ্কারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরল মৃত্তিকা ও ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বাড়াতে সৌদি খনিজ সংস্থা মা’আদেন মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালসের সঙ্গেও কাজ করছে।

এই বিশাল খনিজ ভাণ্ডার সৌদি আরবের কৌশলগত গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক বিরল মৃত্তিকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সরবরাহ শৃঙ্খলেও দেশটির ভূমিকা আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।