পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বির্সা অঞ্চলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনেরও বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনা ও প্রশাসনের চরম অবহেলার বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর বালাঘাটে একটি বৃহৎ গণআন্দোলনের ডাক দিয়েছে মধ্যপ্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হবে।
আরও পড়ুন:
কর্মসূচি অনুযায়ী, জিতু পাটোয়ারী গোন্দোয়ানা এক্সপ্রেসে করে সকাল ১০:৩০ টা নাগাদ গোনদিয়ায় পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে বেলা ১১:৩০ টার মধ্যে বালাঘাটে পৌঁছাবেন। দুপুর ১২টায় স্থানীয় আম্বেদকর চকে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর জেলা কালেক্টরেট কার্যালয় পর্যন্ত এক বিশাল ‘ন্যায় যাত্রা’-র নেতৃত্ব দেবেন তিনি।
এই সফরে তিনি মৃত শিশুদের শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় কংগ্রেস অভিযোগ করেছে, অসুস্থতা ও প্রশাসনিক গাফিলতির কারণেই এই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্য বিজেপি সরকার আদিবাসী সমাজের প্রতি চরম উদাসীনতা ও নীরবতা অবলম্বন করছে বলে দলটির তরফে কড়া সমালোচনা করা হয়।
আরও পড়ুন:
নিখিল ভারত কংগ্রেস সেবা দলের প্রধান বি. ভি. শ্রীনিবাসের নেতৃত্বে প্রতিনিধিদল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জিতু পাটোয়ারী জানান, ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার না দেওয়া পর্যন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত না করা পর্যন্ত কংগ্রেস তাদের সংগ্রাম চালিয়ে যাবে।