পুবের কলম ওয়েবডেস্ক, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সোমবার এফআইআর দায়ের করেছে সিবিআই। ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডে একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। এর ছয় দিন পর ১৪ জুন বান্দ্রার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে।


দিশার বাবা সতীশ সালিয়ানের আবেদনের ভিত্তিতে ২ সেপ্টেম্বর বম্বে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

আদালত প্রশ্ন তোলে, ছয় বছরেও কেন এফআইআর হয়নি এবং কেন ঘটনাটিকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখা হয়েছিল। এর আগে মুম্বই পুলিশ দু’বার তদন্ত করে দিশার মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছিল।


প্রাথমিক তদন্ত প্রায় তিন মাসে শেষ হলেও সামাজিক মাধ্যমে নানা দাবি ওঠার পর ২০২৩ সালে ফের তদন্ত শুরু হয় এবং বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের ২০২৫ সালের হলফনামাতেও ষড়যন্ত্রের প্রমাণ না পাওয়ার কথা জানানো হয়েছিল।


দিশার বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে গণধর্ষণের পর খুন করা হয়েছে এবং প্রভাবশালীদের মাধ্যমে মামলা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তাঁর আইনজীবী নিলেশ ওঝা জানান, এফআইআরে আদিত্য ঠাকরে, সূরজ পাঞ্চোলি, ডিনো মোরিয়া, রিয়া চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। তবে তদন্তে প্রমাণ না মিললে কাউকে অভিযুক্ত করা হবে না বলেও তিনি জানান।


পুলিশের দাবি, ফরেনসিক ও সাক্ষ্যপ্রমাণে আত্মহত্যারই ইঙ্গিত মিলেছিল। অন্যদিকে, দিশার ময়নাতদন্তে মাথা, হাত, পা ও বুকে আঘাতের উল্লেখ রয়েছে।