পুবের কলম ওয়েব ডেস্ক: কর্ণাটকে গণেশ পুজোর শোভাযাত্রা নিয়ে পুলিশের একটি মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিক মসজিদ এলাকায় গণেশ পুজোর শোভাযাত্রা নিয়ে যেতে এবং বাজি ফাটাতে নিষেধ করছেন। এর পরেই রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে 'হিন্দু বিরোধী' আখ্যা দিয়ে কড়া সমালোচনা শুরু করেছে বিরোধী দল বিজেপি।

জানা গিয়েছে, মাইসুরু এলাকার ওই ভাইরাল ভিডিওতে পুলিশকর্মীকে বলতে শোনা যায়, উৎসবের সময় অন্য ধর্মাবলম্বীদের সম্মান করা উচিত। মসজিদের সামনে বাজি ফাটানো যাবে না, অন্যথায় তিনি কড়া ব্যবস্থা নেবেন।

পুলিশের তরফ থেকে সরকারিভাবে এই ধরনের কোনও নির্দেশিকা জারি না হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির।

বিজেপি সাংসদ যদুবীর ওয়াদিয়ার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সমস্ত রাস্তাতেই সাধারণ মানুষের অধিকার রয়েছে এবং কোন পথে শোভাযাত্রা যাবে তা নিয়ে কেউ নির্দেশ দিতে পারে না। অন্যদিকে, কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক ওই পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, গির্জা বা গুরুদ্বার সংলগ্ন এলাকায় এমন নির্দেশ দেওয়া হয় না, তা হলে শুধু মসজিদের ক্ষেত্রে কেন এই নিয়ম? তবে এই গোটা বিতর্ক নিয়ে কর্ণাটক সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।