পুবের কলম ওয়েব ডেস্ক: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ জঙ্গি হামলার পঁচিশ বছর পূর্ণ হল। সম্প্রতি আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ-র বেশ কিছু গোপন নথি প্রকাশ্যে এসেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশের জন্য তৈরি করা ওই সব রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৯/১১-র বহু আগেই ভারতে হামলার ছক কষেছিলেন আল কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। ‘বিন লাদেনের জঙ্গি নেটওয়ার্ক এখনও বড় বিপদ’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছিল, ভারত ছাড়াও মিশর, পাকিস্তান, উগান্ডা এবং নাইজেরিয়ায় হামলার পরিকল্পনা রয়েছে লাদেনের। তবে ঠিক কবে বা কী ভাবে এই হামলা হবে, তার বিস্তারিত বিবরণ ওই নথিতে ছিল না।
আরও পড়ুন:
সিআইএ-র প্রকাশিত ৭১টি গোয়েন্দা রিপোর্ট থেকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ৯/১১ হামলার অনেক আগে থেকেই খোদ আমেরিকার মাটিতে বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে হামলার বিষয়ে প্রশাসনকে সতর্ক করেছিল সিআইএ। এমনকি ২০০১ সালের ৬ অগস্ট, অর্থাৎ হামলার মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট বুশকে দেওয়া একটি রিপোর্টের শিরোনামই ছিল, ‘আমেরিকায় আঘাত হানতে বদ্ধপরিকর বিন লাদেন’। সেখানে আমেরিকার ভিতরেই আল কায়দার গোপন নেটওয়ার্ক সক্রিয় থাকার কথা স্পষ্ট জানানো হয়েছিল। ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ভাবে এই ধরনের সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও কেন শেষ পর্যন্ত এত বড় হামলা এড়ানো গেল না, তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।