পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার সম্বলপুর জেলায় রবিবার ভোরে এক পুলিশ এনকাউন্টারে আহত হয়েছে সুনাপালির কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ ইরফান। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাত, চুরি ও মাদক চোরাচালানসহ ২৪টিরও বেশি অপরাধমূলক মামলা নথিভুক্ত রয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, রবিবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ সদর থানার পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ান্টেড অপরাধী মহম্মদ ইরফানকে ধরে ফেলে। আটকের সময় পুলিশের হাত থেকে বাঁচতে ইরফান নিজের পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ কর্মী পাল্টা ২ রাউন্ড নিশানাধারী গুলি চালান।
এতেই ইরফান গুলিবিদ্ধ হয়ে জমিতে লুটিয়ে পড়ে।আরও পড়ুন:
পুলিশ সুত্রে খবর, এনকাউন্টারের পরপরই আহত ইরফানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বুড়লা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। পুলিশ জানায়, অভিযুক্ত মহম্মদ ইরফানের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অ্যালুমিনিয়াম তার চুরি, সিঁধ কেটে গৃহস্থালির জিনিসপত্র চুরি এবং মাদকের কারবার সহ বহু গুরুতর অপরাধের মামলা রয়েছে। পুলিশ এই ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে।