পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার দিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন যেন হয়ে উঠল রাষ্ট্রপ্রধানদের এক ‘ফ্যামিলি রিইউনিয়ন’। এ দিন উদ্বোধনী বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পদক্ষেপে ভারত-চিন সম্পর্কের ইতিবাচক দিকটি প্রকাশ্যে আসে। ভাষণ চলাকালীন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুবাদ বা মাইক সংক্রান্ত কোনও প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বুঝতে পেরে প্রায় ৩০ সেকেন্ডের জন্য নিজের বক্তৃতা থামিয়ে দেন প্রধানমন্ত্রী। জিনপিংয়ের দোভাষীকে তিনি জিজ্ঞাসা করেন সব ঠিক আছে কি না।


গালওয়ান সংঘাতের তিক্ততা ভুলে দুই দেশের সম্পর্কের এই উষ্ণতা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। যদিও শনিবার রাতে মোদি আয়োজিত গালা ডিনারে চিনা প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন না। তবে তার আগেই মোদি এবং জিনপিংয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের ভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের প্রকাশিত বিবৃতিতে উঠে এসেছে।

রবিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে ব্রিকস শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়। শেষে ব্রিকস ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি ‘ফ্যামিলি ফটো’ তোলা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একপাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যপাশে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ছবি তুলতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, গালওয়ান পরবর্তী সময়ে চিনের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারত তথা মোদির ক্রমবর্ধমান গুরুত্বেরই প্রমাণ দিচ্ছে এই সম্মেলন।