পুবের কলম ওয়েব ডেস্ক: বালাঘাটে আদিবাসী শিশুমৃত্যুর ঘটনা এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়ে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী মোহন যাদবকে তীব্র কটাক্ষ করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রবিবার সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক সুরে একটি পোস্ট করে তিনি নিজেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে পদত্যাগের কথা ঘোষণা করেন এবং জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান। মূলত মুখ্যমন্ত্রী মোহন যাদবের পদত্যাগের দাবিকে জোরালো করতেই তিনি এই অভিনব পথ বেছে নেন।

জানা গিয়েছে, শনিবার মধ্যপ্রদেশের বালাঘাটে সংক্রমণে মৃত এক আদিবাসী শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার হাল দেখতে যান দীপকে।

সেখানে গিয়ে তিনি হেনস্থার মুখে পড়েন। কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর গাড়ি আটকে ‘লাশের রাজনীতি’ করতে এসেছেন কি না এবং রাতে কেন এসেছেন, তা নিয়ে চড়াও হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিজেপি সমর্থকেরা দ্রুত দীপকেকে অন্য একটি গাড়িতে করে সরিয়ে নিয়ে যান।

এই ঘটনার পরেই সমাজমাধ্যমে মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই পটেলের উদ্দেশে লেখা একটি কাল্পনিক ইস্তফাপত্র পোস্ট করেন দীপকে।

সেখানে মুখ্যমন্ত্রী মোহন যাদবের বয়ানে তিনি লেখেন, বালাঘাটে ৩০ জনেরও বেশি আদিবাসী শিশুর মৃত্যুর পর তাঁর পক্ষে আর মুখ্যমন্ত্রী পদে থাকা সম্ভব নয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতি সামান্য আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ তোলেন তিনি। সরকারি ও এনসিআরবি-র রিপোর্ট উল্লেখ করে রাজ্যে শিক্ষা, বিদ্যুৎ, অপুষ্টি এবং তফসিলি উপজাতিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের খতিয়ান তুলে ধরে সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় তোলেন এই সিজেপি নেতা। দীপকের এই পোস্টে ব্যঙ্গাত্মক মন্তব্য করে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা লেখেন, তিনি নাকি নিজের দায়িত্ব থেকেই পালিয়ে যাচ্ছেন।