পুবের কলম ওয়েব ডেস্ক: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোকে কেন্দ্র করে রবিবার দিনভর উত্তেজনা ছড়াল ভবানীপুর থানা চত্বরে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন কংগ্রেসের দুই নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং প্রদীপ প্রসাদকে থানায় তলব করেছিল পুলিশ। তাঁরা হাজিরা দিতে গেলে থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই সময়ে সেখানে বিজেপি সমর্থকরাও উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।
উল্লেখ্য, দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে মধ্যপ্রদেশের স্বঘোষিত সন্ন্যাসী ধীরেন্দ্রনাথ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা বিতর্কিত মন্তব্য করেছিলেন।
এদিনের সংঘর্ষের ঘটনায় দু’দলই একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে। বিজেপি সমর্থকদের অভিযোগ, কংগ্রেস হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এক বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রী নিজে মাছ দিয়ে ভোগ খেয়ে প্রমাণ করে দিয়েছেন যে পুজোর সঙ্গে আমিষ খাওয়ার কোনও বিরোধ নেই। তা সত্ত্বেও ওই সন্ন্যাসীকে অপমান করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের পালটা দাবি, পুরো বিষয়টিই তাঁদের বিরুদ্ধে একটি চক্রান্ত। বাংলায় এসে বাঙালিকে অপমান করার প্রতিবাদ তাঁরা আগামী দিনে পথে নেমেই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা।