পুবের কলম, ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর তৈরি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর রসিকতা ও বিস্ময় প্রকাশ করে প্রতিক্রিয়া জানালেন কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সথীসান। ওই ভিডিওটিতে দেখা যায়, তিনি কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মীদের সাথে নাচছেন। বিষয়টি নিয়ে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রসিকতা করে বলেন, ভিডিওটিতে প্রযুক্তি তাঁকে মালায়লাম সুপারস্টার মোহনলাল এবং তাঁর বন্ধু তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের চেয়েও ভালো নৃত্যশিল্পী হিসেবে তুলে ধরেছে।

কেরালা জুডিশিয়াল একাডেমি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কপিরাইট সুরক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর মন্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১ কোটিরও বেশি ভিউ হয়েছে।
 
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জেলার ২’ সিনেমার অনিরুদ্ধের সুর করা জনপ্রিয় গান “আলা বোলেলো”-র সাথে মুখ্যমন্ত্রীকে কর্মীদের নাচতে দেখা গেছে। এবিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সথীসান বলেন, "আমি ভিডিওটি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যাই। সেখানে দেখলাম আমি মোহনলাল এবং আমার বন্ধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের চেয়েও ভালো নাচছি! আমি ভিডিওটি দেখে খুবই অবাক হয়েছিলাম। এআই প্রযুক্তি আমাকে মোহনলাল ও বিজয়ের মতো অভিনেতাদের থেকেও ভালো ডান্সার বানিয়ে দিয়েছে।"