উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো বকুলতলা থানার পুলিশ। শনিবার রাতে জয়নগর বিধানসভার বকুলতলা থানার তুলসিঘাটা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ধৃত যুবকের নাম ইউসুফ মোল্লা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই গৃহবধূ শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ঢুকে ওই মহিলার উপর চড়াও হন এবং তাঁকে ধর্ষণ করেন।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই গৃহবধূর বাড়িতেপরিচারকের কাজ করতেন।ঘটনার কথা পরিবারের সদস্যদের কাছে পৌঁছতেই তাঁরা শনিবার রাতে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর রাতেই অভিযুক্ত ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়।আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শনিবার রাতে বকুলতলা থানার সামনে কিছুক্ষণের জন্য বিক্ষোভ ও অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ও অবরোধ তুলে নেন স্থানীয়রা।ধৃত যুবককে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বকুলতলা থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।