পুবের কলম ওয়েব ডেস্ক: ফের রক্তাক্ত বালোচিস্তান। রবিবার সেখানে পাক সেনার একটি কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বহু সেনা আহত হয়েছেন। বালোচিস্তানের লাসবেলা জেলার এন-২৫ জাতীয় সড়কে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই প্রাণঘাতী হামলার নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
সূত্রের খবর, রবিবার লাসবেলার কাশারী এলাকায় ফ্রন্টিয়ার ফোর্সের ১৫টি গাড়ির একটি কনভয় লক্ষ্য করে আচমকা হামলা চালানো হয়। প্রবল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি সেনার গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই করাচি থেকে কোয়েটাগামী ওই কৌশলগত ও গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি বন্ধ করে দেয় পাক প্রশাসন। এলাকায় বিশাল সেনা বাহিনী মোতায়েন করে শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান।
এখনও পর্যন্ত কোনও সংগঠন সরকারিভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি পাকিস্তানের শাসন অস্বীকার করে ‘স্বাধীন বালোচিস্তান’ ঘোষণা করেছিল বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি ছিল, ওই প্রদেশের ৮৫ শতাংশ এলাকাই তাদের দখলে রয়েছে এবং সেখানে পাক সেনা প্রবেশ করলে কড়া জবাব দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই বালোচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে বালোচ লিবারেশন আর্মি। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশকে লুঠ করার অভিযোগ তুলে এবং বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকে সেখানে বিদ্রোহের আগুন আরও তীব্র হয়েছে। এর আগেও এই হাইওয়ের উপর পাক সেনাকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে বালোচরা।