পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ২০২৯ সালের আগেই দেশের ২১টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে এই বিধি চালু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ১২ বছরে মোদি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে শাহ জানান, বিজেপি সব সময় পারফরম্যান্স বা কাজের ভিত্তিতে রাজনীতি করে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। ২০১৪ সাল থেকে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র।

সার্জিক্যাল স্ট্রাইক, 'অপারেশন সিঁদুর' বা ৩৭০ ধারা বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। পাশাপাশি নকশাল দমন এবং উত্তর-পূর্ব ভারতের শান্তিশৃঙ্খলার ক্ষেত্রেও মোদি সরকার দারুণ ভাবে সফল বলে দাবি করেন তিনি।
আগামী লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য। এই আবহে বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারও ইউসিসি কার্যকরের পথে উদ্যোগী হয়েছে। বিধানসভা নির্বাচনের ইস্তেহারের প্রতিশ্রুতি মেনে গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের ধাঁচে এ রাজ্যেও সব সম্প্রদায়ের জন্য একই আইন চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।