পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দ্রুত ফিরিয়ে আনা এবং প্রশাসনিক কাঠামোর স্পষ্ট রূপরেখা নির্ধারণের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শুক্রবার নয়া দিল্লিতে দুই নেতার মধ্যে এ বিষয়ে এক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে দিল্লির বুকে ওমর আবদুল্লাহ পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পর, অমিত শাহ ও তাঁর মধ্যে এটিই প্রথম মুখোমুখি বৈঠক।
২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়।
২০১৯ সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের অধীনে উপরাজ্যপাল এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীর মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট সীমা নির্ধারণ নিয়ে আলোচনা হয়, যাতে ক্যাবিনেটের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা না তৈরি হয়। উপত্যকার জনদাবি ও প্রশাসনিক ব্যবস্থার সমতা রক্ষায় বিদ্যমান সংরক্ষণ ব্যবস্থা পর্যালোচনা ও যৌক্তিককরণের বিষয়টি বৈঠকে স্থান পায়। আগামী সপ্তাহে শ্রীনগরে আয়োজিত হতে যাওয়া প্রথম 'আন্তর্জাতিক জম্মু ও কাশ্মীর চলচ্চিত্র উৎসব' সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের সময়োচিত সহায়তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান অন্তর্বর্তীকালীন রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনিক স্পষ্টতা ও পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এই আলোচনা সদর্থক ভূমিকা নেবে।