পুবের কলম ওয়েবডেস্ক, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার আগে চিনা কোনও সংস্থা তেহরানকে ওই ঘাঁটির উপগ্রহচিত্র সরবরাহ করেছিল—এমন দাবি সরাসরি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুলাইয়ের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।
সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করে, হামলার আগে চিনা সংস্থার কাছ থেকে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির ছবি সংগ্রহ করেছিল ইরান। তবে ওই সংস্থাগুলোর নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা।
আরও পড়ুন:
রোববার আয়ারল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, চিন ও যুক্তরাষ্ট্র দু’দেশই একে অপরের ওপর নজরদারি চালায়।
আরও পড়ুন:
আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চিনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। যদিও বেইজিং এখনও আনুষ্ঠানিক ভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। বৈঠকে উপগ্রহচিত্রের বিষয়টি তুলবেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। বরং সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেই দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
এদিকে ইরানের সঙ্গে চিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ থাকলেও, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দুই দেশের উত্তেজনা কমিয়ে দেখানোর ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে।