পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূলের দলীয় প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে নির্বাচন কমিশনে দুই শিবিরের লড়াই চলছে। এরই মধ্যে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। রবিবার দলের তরফে জানানো হয়, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান (দে)-কে। অন্যদিকে, রেজিনগর কেন্দ্র থেকে লড়বেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। পাশাপাশি, অসমের নগাঁও বিধানসভা কেন্দ্র থেকে আব্দুল সালামকে প্রার্থী করেছে মমতার শিবির।


২০২৬ সালের বিধানসভা ভোটের পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দু'ভাগে বিভক্ত হয়ে যায়। দলের প্রকৃত নিয়ন্ত্রণ ও প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে বর্তমানে কমিশনে আইনি লড়াই চলছে। আগামী বুধবার এই উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ঘটনাচক্রে, ওই দিনই দুই শিবিরকে নিজেদের যুক্তি ও নথি জমা দেওয়ার চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। এর মাঝেই রবিবার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে ঋতব্রত শিবিরের ওপর মমতার শিবির মানসিক চাপ বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, তাঁদের প্রার্থীরা নিজস্ব দলীয় প্রতীকেই লড়বেন। তবে আজ, সোমবার ঋতব্রত শিবিরও এই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনে জেতার পর শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবীর রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রে বাম, কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।