পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটল। রবিবার ওমান উপকূলের কাছে ‘এমটি এল গাইয়া’ নামের একটি জাহাজে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। ওই জাহাজে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও এক জন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন:
এই ঘটনার কড়া নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক মানুষের উপর আক্রমণ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। পণ্যবাহী জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিও জানিয়েছে দিল্লি। নিখোঁজ ভারতীয়কে উদ্ধারের জন্য ওমান প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জোরকদমে কাজ করছে সেখানকার ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন:
উল্লেখযোগ্য বিষয় হল, শনিবারই ব্রিকস সম্মেলনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে যৌথ ঘোষণাপত্রে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এর পাশাপাশি, রবিবার বিকেলে হরমুজ প্রণালিতে নিজেদের একটি জাহাজেও হামলার দাবি করেছে ইরান। তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় এক জনের মৃত্যু হয়েছে এবং তিন জন আহত হয়েছেন।