মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়ল আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার ফের দ্রুত বাড়ল অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের গণ্ডি ছাড়িয়ে পৌঁছল ১০৭.৫৪ ডলারে। একইসঙ্গে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও ১০০ ডলারের উপরে উঠে ১০২.৩৪ ডলারে পৌঁছেছে।

ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় ২.৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে অক্টোবর সরবরাহের ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২.৩ শতাংশ। গত সপ্তাহ থেকে শুরু হওয়া তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতাই আরও জোরালো হয়েছে সোমবার।

তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের অন্যতম কারণ সৌদি আরবে ড্রোন হামলা। হামলার পর একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ইরান-সমর্থিত হুতিদের বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের অস্থিরতা তৈরি হয়েছে।