পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার রেলের 'অমৃত ভারত' প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করতে গিয়ে ‘ইন্ডিয়া’ জোটকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ করে সরকারি মঞ্চে মোদির মুখে শোনা গিয়েছিল ‘কুইট ইন্ডিয়া’-র কথা।

‘ইন্ডিয়া’ জোটকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী বিরোধীদের এই অভিযোগ বরাবরই ছিল। অরাজনৈতিক মঞ্চে বারবার রাজনৈতিক প্রসঙ্গ টানা যেন সেই কথারই সাক্ষ্য দিচ্ছে মন্তব্য ওয়াকিফহাল মহলের। তবে সরকারি অনুষ্ঠানকে এভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহারের জন্য মোদিকে বিঁধতে ছাড়েননি বিরোধীরাও।
সোমবার মোদির ‘কুইট ইন্ডিয়া’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল।

সিব্বাল এদিন বলেন, বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণ হওয়া মাত্র দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। একটি নামের জন্য তাঁর  ইস্পাত কঠিন আত্মবিশ্বাস  নড়বড়ে হয়ে গেছে! তাই ভুলভাল বকছেন।

‘ইন্ডিয়া’ জোট অখণ্ড ভারতের স্বপ্ন  দেখে।
যারা দুর্নীতির চাদর দিয়ে নিজেদের ঢেকে দিয়েছে ২০২৪-এর নির্বাচনে তাদের হটানোর সময় এসেছে। দেশের একাংশ জ্বলছে, নির্বিচারে মানুষ মরছে! অথচ সব দেখেও যারা চুপ রয়েছে তাদের আসনচ্যুত করার সময় এসেছে। পদত্যাগ তাদের করতেই হবে।

দেশ থেকে সমস্ত মন্দকে মুছে ফেলতে ‘ইন্ডিয়া’ জোট দৃঢ়প্রতিজ্ঞ।
আর কারা মহাত্মা গান্ধির কথা বলছে? বিজেপি, আরএসএস! যারা তাঁকে খুন করল। মহাত্মা গান্ধির রক্তে যাদের হাত লাল! তারা কোন সাহসে তাঁর নাম উচ্চারণ করে। কতটা নির্লজ্জ হলে এমন করা যায়!