পুবের কলম ওয়েবডেস্ক, ইউক্রেন–পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৪ সেপ্টেম্বর ইউক্রেনের ইয়াহোদিন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন আঘাত হানে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার মাত্র ১৫ মিনিট আগে ওই ট্রেনের যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
কিয়েভে একটি সম্মেলনে যোগ দিয়ে জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল-সহ ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা কর্মকর্তারা একই রেলপথে ফিরছিলেন। সময়সূচি বদলানোয় তাঁদের বহনকারী কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। ইউক্রেনের রেল কর্তৃপক্ষের দাবি, রাশিয়া সম্ভবত ওই ট্রেনকেই লক্ষ্য করেছিল। একই সময়ে ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে সাবেক মার্কিন গোয়েন্দাপ্রধান ডেভিড পেট্রাউস ছিলেন।
আরও পড়ুন:
সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ট জানান, তাঁর ট্রেনও কিছু সময়ের জন্য থামিয়ে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তাঁরা আবার যাত্রা শুরু করেন।
আরও পড়ুন:
জনসন হামলার নিন্দা করে ইউক্রেনকে দ্রুত আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার জন্য মিত্রদের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ঘটনাটিকে ‘বর্বর’ বলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও জরুরি বৈঠক ডেকেছেন। তাঁর মতে, রুশ হামলা পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে।