মফস্বল বাংলা সাহিত্য আকাদেমি-র ২৭তম কবি সম্মেলন

পুবের কলম ওয়েবডেস্ক :
 কবিতা, সাহিত্য ও প্রকাশনার আবহে রবিবার আনুলিয়ার গোপীনাথ জোয়ারদার মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল মফস্বল বাংলা সাহিত্য আকাদেমি-র ২৭তম কবি সম্মেলন। দুপুর থেকেই শুরু হয় অনুষ্ঠানের পর্ব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন কবি-সাহিত্যিক এই সম্মেলনে যোগ দেন।অনুষ্ঠানে হৈমন্তী জোয়ারদার সম্পাদিত ‘নৈবেদ্য’ পত্রিকার শারদ সংখ্যা এবং হরিসাধন জোয়ারদার ও মানিক গঙ্গোপাধ্যায় সম্পাদিত ‘অভিনন্দন’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক   শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র-গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় এবং কবি সুভাষচন্দ্র চক্রবর্তী। বিশিষ্ট কবি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর মজুমদার, গৌরাঙ্গকৃষ্ণ দে, মিহির কুমার রায়, দীপিকা সাহা প্রমুখ।
এদিন ‘মফস্বল বাংলার শারদ সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয় কবি ও সাহিত্যিক রবিন বিশ্বাস, সাহিত্যিক গৌতম পাত্র এবং সাহিত্যিক অঞ্জনা চক্রবর্তী-কে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি হরিসাধন জোয়ারদার-এর রচিত ‘সাহিত্যে উজ্জ্বল রবিন বিশ্বাস’ শীর্ষক বৃহৎ সমালোচনা গ্রন্থের প্রকাশ। একই অনুষ্ঠানে আকাদেমির তত্ত্বাবধানে কবি ভবানী মিত্র-কে প্রদান করা হয় ‘বাসন্তিকা সাহিত্য সম্মান’।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কবিদের কবিতা পাঠ ও সাহিত্য-আলোচনায় সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে। মফস্বল বাংলার কবি-সাহিত্যিকদের এই মিলনমেলায় পারস্পরিক ভাববিনিময় ও সাহিত্যচর্চার নানা দিক উঠে আসে।
সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন আকাদেমির সভাপতি কবি হরিসাধন জোয়ারদার। অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করেন তমালিকা জোয়ারদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তনিমা সাহা।
প্রকাশনা, সাহিত্য সম্মাননা ও কবিতা পাঠের মধ্য দিয়ে মফস্বল বাংলার সাহিত্যচর্চার এই আয়োজন কবি-সাহিত্যিকদের এক প্রাণবন্ত মিলনমঞ্চ হয়ে ওঠে।