পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরের ২৪ সেপ্টেম্বর লেহে রাজ্যত্বের দাবিতে চলা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত চার ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাদাখ প্রশাসন। এর ফলে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রধান দুই প্রতিনিধি সংস্থার একটি অন্যতম মূল দাবি পূরণ হলো। নিহতদের পাশাপাশি বিক্ষোভে আহত হওয়া আন্দোলনকারীদের জন্যও আর্থিক সহায়তার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তার উদ্দেশ্যে প্রশাসন মোট ১.৫২ কোটি টাকা অনুমোদন করেছে।

লাদাখের উপ-রাজ্যপাল (এলজি) বিনয় কুমার সাক্সেনা রবিবার বলেন, "কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে হারানো জীবন ফিরিয়ে দেওয়া বা স্বজন হারানোর যন্ত্রণা মুছে ফেলা সম্ভব নয়, তবুও এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে লাদাখ প্রশাসন।"

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে 'লেহ অ্যাপেক্স বডি' এবং 'কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স'। গত বছরের সেপ্টেম্বর মাসে এই আন্দোলন হিংসাত্মক রূপ নিলে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়। প্রশাসনের এই ক্ষতিপূরণ ঘোষণার সিদ্ধান্তকে অঞ্চলে উত্তেজনা প্রশমন এবং সমঝোতার দিশায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।