পুবের কলম ওয়েব ডেস্ক: হাবড়া থানার পুলিশ ব্যারাক থেকে এক সাব-ইন্সপেক্টরের (এসআই) ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা এবং উত্তর ২৪ পরগনার হাবড়া থানায় কর্মরত ছিলেন। সোমবার থানার ব্যারাকের নিজের ঘর থেকেই তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেও ওই পুলিশ আধিকারিক স্বাভাবিকভাবে ডিউটি করেছেন। সহকর্মীদের কথায়, তাঁর আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ করা যায়নি। সোমবার দীর্ঘক্ষণ ব্যারাকের ঘরের দরজা বন্ধ থাকায় অন্যান্য পুলিশকর্মীদের সন্দেহ হয়।
আরও পড়ুন:
ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ধাক্কা দিয়ে খুলে তাঁরা বিশ্বনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এসআই আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও মানসিক চাপ, পেশাগত কারণ নাকি ব্যক্তিগত সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।