পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৮ সালের একটি ডাকাতির প্রস্তুতি মামলায় বারংবার সমন পাঠানো সত্ত্বেও আদালতের সামনে সাক্ষী হিসেবে হাজির না হওয়ায় চরম পদক্ষেপ নিল আদালত। বিহারের মুজাফফরপুরের একটি আদালত ৯ জন পুলিশকর্মীর বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মুজাফফরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ড. কিশোর কুণাল ১০ সেপ্টেম্বর এই কড়া আদেশ জারি করেন। তিনি সরাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মুজাফফরপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন সংশ্লিষ্ট পুলিশকর্মীদের আগামী ২৮ অক্টোবর আদালতের সামনে হাজির করা নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৯ জন পুলিশকর্মী হলেন—সাব-ইনস্পেক্টর মো. আলাউদ্দিন, শত্রুঘ্ন শর্মা ও যোগেন্দ্র কুমার সিং; বিএমপি হাবিলদার সঞ্জয় শর্মা; কনস্টেবল অভয় কুমার সিং, আজহার খান ও রাহুল কুমার; ড্রাইভার রাধাকান্ত প্রসাদ এবং তদন্তকারী কর্মকর্তা অনিল কুমার।

তৎকালীন সময়ে এই সকল পুলিশকর্মীই মুজাফফরপুর জেলার সরাইয়া থানার সাথে যুক্ত ছিলেন।

মামলা অনুযায়ী, প্রসিকিউশন সাক্ষ্যের পর্যায়ে দাঁড়িয়ে থাকা এই বিচার প্রক্রিয়ায় পুলিশকর্মীদের গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের মে মাসে আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের নামে প্রথম সমন জারি করা হয়। আগস্টে সমন এড়িয়ে চলায় ২০ আগস্ট তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা পাঠানো হয়। চলতি বছরের সেপ্টেম্বরে জামিনযোগ্য পরোয়ানা সত্ত্বেও সাক্ষীরা অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত আদালত অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বাধ্য হয়।