পুবের কলম ওয়েবডেস্ক, প্রায় চার দশক ধরে জঙ্গলে থেকে সশস্ত্র মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর পশ্চিমবঙ্গ ছাড়লেন ৬৪ বছরের মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। গোয়েন্দা সূত্রের খবর, শারীরিক অসুস্থতা এবং নিরাপত্তা বাহিনীর ক্রমবর্ধমান চাপের কারণে ১৩-১৪ অগস্ট পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডের দলমা রেঞ্জের জঙ্গল থেকে সাধারণ পোশাকে বেরিয়ে যান তিনি।
উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন আকাশ। বয়সের কারণে পাহাড়ি এলাকায় দীর্ঘ পথ হাঁটাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠেছিল।
আরও পড়ুন:
৪ অগস্ট দলমা পাহাড়ে চার মাওবাদী ধরা পড়ার সময় আকাশ-সহ ছ’জন কাছাকাছি এলাকায় ছিলেন। পরে প্রায় দুই হাজার নিরাপত্তাকর্মী এলাকা ঘিরে ফেললেও কৌশলে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা।
আরও পড়ুন:
২০১১ সালে কিষেনজির মৃত্যুর পর রাজ্যের চতুর্থ সম্পাদক হন আকাশ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জঙ্গল এলাকায় সংগঠন ধরে রাখার চেষ্টা করেছিলেন তিনি। তাঁর মাথায় এক কোটি টাকার পুরস্কার ছিল। তবে এখনই আত্মসমর্পণ না করে শহরে থেকে নতুন কৌশলে কাজ করার সম্ভাবনাই দেখছেন গোয়েন্দারা।