পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবড়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে এক ১৪ বছরের নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়ার পর অচৈতন্য ও অসুস্থ অবস্থায় ওই নির্যাতিতা কিশোরীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাবড়া পুরসভা এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল ওই কিশোরী। শনিবার সন্ধ্যায় তার দূর সম্পর্কের এক ১২ বছরের বোন তাকে ঘুরতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। অভিযোগ, রাস্তায় পূর্বপরিচিত দুই যুবকের সঙ্গে তাদের দেখা হয়। ওই দুই যুবক নাবালিকাদের একটি জায়গায় নিয়ে গিয়ে বিয়ার খেতে দেয়। ১২ বছরের বালিকাটি পুলিশকে জানিয়েছে, নেশায় আচ্ছন্ন হওয়ার আগেই অভিযুক্তরা তাকে বাড়ি চলে যেতে বলে। এরপর ওই ১৪ বছরের কিশোরীকে স্থানীয় একটি শিবমন্দিরের পাশের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
রাত পর্যন্ত মেয়েটি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন মামার বাড়ির লোকজন। তাঁরা হাবড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ ১২ বছরের নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে সূত্র পায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১৪ বছরের কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার হওয়া দুই যুবকের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে। দু'জনেই বিবাহিত, তবে পারিবারিক অশান্তির কারণে তাঁদের স্ত্রীরা শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র থাকেন। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ছিল। ঘটনাটির বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করছে পুলিশ।