পুবের কলম ওয়েব ডেস্ক: দলের প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল। সোমবার সন্ধ্যায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তাঁদের প্রার্থী এহেতাশ মুল হক এবং রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন সফিউজ্জমান শেখ।
এর আগে কালীঘাটপন্থী তৃণমূলের তরফেও এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম সামনে আনা হয়েছিল। সেখানে নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়লে সেখানে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছিল ঋতব্রত শিবির। কিন্তু কালীঘাট শিবির তাঁকে প্রার্থী না করায় ঋতপন্থীরাও মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
বর্তমানে জোড়া ফুল প্রতীক এবং দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কর্তৃত্ব নিয়ে দুই শিবিরের আইনি লড়াই আদালত ও নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁরাই আসল তৃণমূল কংগ্রেস এবং তাঁরা জোড়া ফুল প্রতীক নিয়েই প্রচার চালাবেন। নির্বাচন কমিশনে এই সংক্রান্ত শুনানি ও বক্তব্য পেশের পর আগামী ১৬ তারিখের নির্দেশ এবং ১৮ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের দিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।