পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের তরফে বিশ্বকর্মাপুজোর ছুটির দিন পরিবর্তন করা হল। আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছুটি থাকার কথা ছিল। কিন্তু চলতি বছর পুজোর তিথি ১৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পড়ায় ওই দিনই রাজ্যে সরকারি ছুটি দেওয়া হবে। সোমবার অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই দিনবদলের কথা জানানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান-সহ সরকার নিয়ন্ত্রিত অন্যান্য সংস্থা বন্ধ থাকবে।এ দিকে, সোমবার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে গণেশপুজোর সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী শুক্রবার নবান্নের বিশ্বকর্মাপুজোয় তিনি অঞ্জলি দেবেন। মহাকরণ থেকে সচিবালয় নবান্নে স্থানান্তরিত হওয়ার পর থেকেই প্রতি বছর পূর্ত দফতরের উদ্যোগে সেখানে এই পুজো হয়ে আসছে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বামপন্থীদের তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুজোর কথা শুনলে অনেকের, বিশেষ করে কমিউনিস্টদের মনে দুঃখ ও রাগ তৈরি হয়। পাশাপাশি, নবান্নের পুজোয় বামপন্থীদেরও অঞ্জলি দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাংলায় গণেশপুজোর প্রচলন নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের উদ্দেশেও এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, আমরা সকলেই ভারতীয় হিন্দু, তাই উৎসবের ক্ষেত্রে আঞ্চলিক বিভাজনের কোনও প্রাচীর থাকা উচিত নয়। সেই বিভাজনের প্রাচীর ইতিমধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে সকলকে একসঙ্গে মিলেমিশে থাকার বার্তা দেন তিনি।