উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ফের এক মানবিক উদ্যোগ নিল জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার গহেরপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার উদ্যোগে সোমবার ১৪তম বর্ষে পালিত হল গণেশ চতুর্দশী। পুজোকে ঘিরে এদিন গহেরপুরে ছিল উৎসবের আবহ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তের সমাগম ঘটে।এবারের গণেশ চতুর্দশী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নবগ্রহ পুজো ও অর্চনা।
একাধিক সাধু সন্তের উপস্থিতিতে সম্পূর্ণ পুজোর রীতি মেনে চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান।পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ে। পরে কয়েক হাজার ভক্তের হাতে প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়।তবে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এদিন সামাজিক পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। প্রচেষ্টা বৃদ্ধাশ্রম এবং জয়নগর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের পরিষেবার জন্য চালু করা হল অ্যাম্বুলেন্স পরিষেবা। সোমবারই এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন থেকেই জয়নগর ও আশপাশের এলাকার মানুষ এই অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করতে পারবেন। ২৪ ঘণ্টা পরিষেবা চালু থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।পুজো, ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনে এমন পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য।