অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়াল বিহারের জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৯ সালের মধ্যে এনডিএ-শাসিত রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা বলার পরই জনতা দল ইউনাইটেড জানিয়ে দিয়েছে, বিহারে কোনওভাবেই এই আইন চালু করা হবে না।

জনতা দল ইউনাইটেডের নেতা শ্যাম রজক বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই স্পষ্ট। বিজেপি তাদের শাসিত রাজ্যগুলিতে এই আইন চালু করুক।

বিহারে কোনওভাবেই তা চালু করা হবে না।”

দলের কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা জানান, এই বিষয়ে কোনও বিভ্রান্তি যাতে না ছড়ায়, তা নিশ্চিত করতে তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করবেন। তাঁর দাবি, আইন কমিশনকে চিঠি দিয়ে আগেই বিহারে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে নীতীশ কুমারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির প্রচার জোরদার হওয়ার মধ্যেই জনতা দল ইউনাইটেডের এই অবস্থান এনডিএ-র অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে আনল।